সমবায় সমিতির গ্রাহকদের ৪০০ কোটি টাকা আত্মসাৎ, পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৩:৩৬ পিএম | ০৫ আগস্ট, ২০২৬
জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে জামালপুর র্যাব-১৪ এর একটি অভিযানিক দল।
বুধবার (৫ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪ জামালপুর সিপিসি-১। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের নামে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়। এর পর থেকেই অভিযুক্ত আবদুল ওয়াহেদ পলাতক ছিলেন। ওই মামলায় বিজ্ঞ আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র্যাব-১৪ আবদুল ওয়াহেদকে গ্রেপ্তারে অভিযানে নামে। পরে মঙ্গলবার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরআই/টিএ