আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ত্যাগ করতে বললো ব্রাজিল
ছবি: সংগৃহীত
১১:৪৭ পিএম | ০৫ আগস্ট, ২০২৬
ব্রাজিলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলেছে ব্রাজিল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে নিয়ে বারবার অবমাননাকর মন্তব্য করার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সৃষ্ট কূটনৈতিক বিরোধের মধ্যে মঙ্গলবার (৪ আগস্ট) বুয়েনেস আইরেস এ তথ্য জানিয়েছে।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ব্রাজিল সরকার আর্জেন্টিনায় তাদের কূটনৈতিক মিশনের মর্যাদাও কমিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স (অস্থায়ী মিশন প্রধান) পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
মিলেই দুই দিন আগে লুলাকে নিয়ে আবারও অবমাননাকর মন্তব্য পুনর্ব্যক্ত করলে উত্তেজনা আরও বেড়ে যায়।
রোববার আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মিলেই বলেন, ‘তিনি একজন চোর, তিনি দুর্নীতিগ্রস্ত, চুরি ও দুর্নীতির অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি কারাগারে ছিলেন। তাই তাকে একজন দণ্ডিত ব্যক্তি বলা সত্য।’
গত মাসে ব্রাজিলে অনুষ্ঠিত এক সমাবেশেও মিলেই একই ধরনের মন্তব্য করেন। সেখানে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লুলার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর প্রতি সমর্থন জানান।
ওই বক্তব্যের পর ব্রাজিল তাদের রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য আর্জেন্টিনা থেকে প্রত্যাহার করে নেয়। তবে পরে বুয়েনেস আইরেস এ বিরোধের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করে।
প্রেসিডেন্টের মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ের বলেন, এটি ‘আদর্শগত ও রাজনৈতিক মতপার্থক্যের’ বিষয়।
এমআই/টিএ