© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের মাটিতে ভারতকে আবারও হারানোর স্বপ্ন হৃদয়ের

শেয়ার করুন:
দেশের মাটিতে ভারতকে আবারও হারানোর স্বপ্ন হৃদয়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ এএম | ০৬ আগস্ট, ২০২৬

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরকে সামনে রেখে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন জাতীয় দলের ব্যাটার ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, বড় দলের বিপক্ষে খেলাই সবচেয়ে বেশি উপভোগ করেন তিনি। আর ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর আনন্দও অন্য যেকোনো জয়ের চেয়ে আলাদা।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসকে ফাইনালে তোলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন ভারত সিরিজ নিয়েও কথা বলেন হৃদয়। তিনি জানান, ব্যক্তিগতভাবে বড় দলের বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। 

হৃদয় বলেন, "আমি ব্যক্তিগতভাবে বড় দলের সঙ্গে খেলাটা বেশি উপভোগ করি। কারণ বড় দলগুলোর মুখোমুখি হওয়াটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়।"


ভারত বাংলাদেশ সফরে এলে নিজের পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যকেও সমান গুরুত্ব দিচ্ছেন এই ডানহাতি ব্যাটার।

তিনি বলেন, "অবশ্যই চাইব ভারত যদি আসে, আমি নিজে এবং দল হিসেবে ভালো খেলতে। আগেরবার ভারত যখন বাংলাদেশের মাটিতে খেলেছিল, আমরা তাদের হারিয়েছিলাম। তাই হোম কন্ডিশনে আমরা অবশ্যই শক্তিশালী দল।"

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকেও ইঙ্গিত করে হৃদয় বলেন, গত কয়েকটি সিরিজে দল যে ধারাবাহিকতা দেখিয়েছে, সেটি ধরে রাখাই হবে মূল লক্ষ্য।

হৃদয় মনে করিয়ে দেন, "গত চার-পাঁচটি সিরিজে আমরা দল হিসেবে ভালো করেছি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আর আমি আমার দিক থেকে যতটা সম্ভব দলের জন্য অবদান রাখার চেষ্টা করব।"

ভারত বর্তমানে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন। এমন একটি দলের বিপক্ষে খেলতে নামার আগে বাড়তি অনুপ্রেরণা কাজ করবে কি না—এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, বড় দলকে হারানোর মধ্যেই আলাদা এক তৃপ্তি রয়েছে।

হৃদয়ের ভাষায়, "অবশ্যই। বড় দলের বিপক্ষে খেলা, বড় দলকে হারানোর মধ্যেও আলাদা একটা আনন্দ কাজ করে। ভারতকে আমরা আমাদের মাটিতে আগের সিরিজে হারিয়েছিলাম। আশা করব, এবারও যদি সিরিজটি হয়, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে তাদের হারানোর।"

সেপ্টেম্বরে ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরকে ঘিরে এখন থেকেই আলোচনার পারদ চড়তে শুরু করেছে। সেই আবহেই হৃদয়ের আত্মবিশ্বাসী মন্তব্য স্পষ্ট করে দিয়েছে, শক্তিশালী প্রতিপক্ষকে সমীহ করলেও বাংলাদেশের লক্ষ্য থাকবে দেশের মাটিতে আরেকটি স্মরণীয় সিরিজ জয়।

এছাড়া, নিজে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে অধিনায়কত্বও করেছেন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে।

নেতৃত্বের ভার নিয়ে হৃদয় বলেন, "আপনার কাছে কি মনে হয়েছে যে প্রেসার কাজ করছে আমার? দেখেন, একজন পেশাদার ক্রিকেটার বলেন বা আপনার পেশায় বলেন সব জায়গায় চাপ থাকবে। চাপটা আপনি কিভাবে মানিয়ে নিবেন, করবেন, আপনি কিভাবে মেইনটেইন করে কাজটা করবেন এটা হলো আপনার চ্যালেঞ্জ। তো আমিও চেষ্টা করি যে এটা করার। আর এমন না যে জিনিসটা আমি প্রথম করছি, আমি অনূর্ধ্ব-১৯ থেকে, 'এ' দল থেকে, ঢাকা প্রিমিয়ার লিগ থেকে সব জায়গায় করে আসছি। তো আমার জন্য এটা নতুন কিছু না এবং জাতীয় দলেও করেছি গত সিরিজটা জিম্বাবুয়ের সঙ্গে। তো আমার কাছে মনে হয় না এটা কঠিন কিছু না।"

এমআই/টিএ


মন্তব্য করুন