ফিফা সভাপতিকে ঘিরে নতুন বিতর্ক
ছবি: সংগৃহীত
০১:৪৮ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইউরোপীয় সুপার লিগ প্রকল্পের বিরোধিতা করলেও, গোপন নথিতে উঠে এসেছে ভিন্ন চিত্র। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইনফান্তিনো শুধু এ প্রকল্প সম্পর্কে অবগতই ছিলেন না, বরং এর পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
২০২১ সালের এপ্রিল মাসে ঘোষিত ইউরোপীয় সুপার লিগ পরিকল্পনা ইউরোপীয় ক্লাব ফুটবলে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই সামনে আসে। প্রস্তাবিত ২০ দলের এই প্রতিযোগিতায় ১৫টি স্থায়ী সদস্য ক্লাব রাখার পরিকল্পনা ছিল। প্রতিষ্ঠাতা ক্লাবগুলোর মধ্যে ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাস। বাকি পাঁচটি দল যোগ্যতা অর্জনের মাধ্যমে অংশ নেয়ার কথা ছিল।
তবে ইউরোপজুড়ে সমর্থক, বিভিন্ন ক্লাব, উয়েফা এবং অন্যান্য ফুটবল কর্তৃপক্ষের তীব্র বিরোধিতার মুখে ঘোষণার কয়েক দিনের মধ্যেই প্রকল্পটি ভেঙে পড়ে। সেই সময় উয়েফার এক কংগ্রেসে ইনফান্তিনো প্রকাশ্যে সুপার লিগের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, ফিফা এমন কোনো বিচ্ছিন্ন প্রতিযোগিতাকে সমর্থন করে না, যা বিদ্যমান ফুটবল কাঠামো, লিগ, জাতীয় ফুটবল সংস্থা, উয়েফা ও ফিফার বাইরে গড়ে ওঠে।
কিন্তু দ্য গার্ডিয়ান এর দাবি, ২০২০ সালের অক্টোবরে প্রস্তুত করা একটি ‘টার্ম শিট’ বা চুক্তির খসড়া নথিতে দেখা যায়, নতুন প্রতিযোগিতাটির নাম ফিফার নিবন্ধিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল। সেখানে প্রতিযোগিতার সম্ভাব্য নাম হিসেবে ‘ডব্লিউজিরোওয়ান সুপার লিগ’ নিয়ে আলোচনার উল্লেখ রয়েছে। নথিতে ‘ডব্লিউজিরোওয়ান’ কোড নামটি ফিফাকে নির্দেশ করতে ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ফিফা সুপার লিগে অগ্রাধিকারভিত্তিক মালিকানা অংশীদারিত্ব পাওয়ার কথা ছিল। এর মাধ্যমে প্রতিযোগিতার কাঠামো, সূচি পরিবর্তন, প্রধান নির্বাহী নিয়োগ এবং অর্থ বণ্টনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংস্থাটির প্রভাব রাখার পরিকল্পনা ছিল।
এছাড়া আন্তর্জাতিক ম্যাচের সূচি পুনর্বিন্যাস এবং ক্লাব বিশ্বকাপের নতুন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও ফিফা সদস্য দেশগুলোর ফুটবল সংস্থাগুলোকে পাশ কাটিয়ে এগোতে চেয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই পরিকল্পনায় ক্লাব বিশ্বকাপকে প্রতিবছর আয়োজন করে সুপার লিগের সঙ্গে যুক্ত করার কথাও ছিল।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ফিফা নতুন কোনো প্রতিক্রিয়া দেয়নি। সংস্থাটি ২০২১ সালে প্রকাশিত ইনফান্তিনোর বক্তব্য এবং ফিফা ও ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের যৌথ বিবৃতির লিংক পাঠায়। ওই বিবৃতিতে ফিফা কোনো স্বীকৃতিহীন বিকল্প প্রতিযোগিতাকে সমর্থন না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছিল।
বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্বের শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে সমালোচনার এক সপ্তাহের মধ্যেই এই নতুন তথ্য প্রকাশ পেল। ফলে ফিফা সভাপতির ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছে এই প্রতিবেদন।
এসএন