© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়ের জন্মদিনেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে রণবীরের 'রামায়ণ'

শেয়ার করুন:
মেয়ের জন্মদিনেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে রণবীরের 'রামায়ণ'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ নভেম্বর। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত এই সিনেমার মুক্তির তারিখ বিশেষ কারণে আলোচনায় এসেছে।

কারণ, একই দিন রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহার জন্মদিন। এ বছর রাহার বয়স হবে চার বছর। তাই মেয়ের জন্মদিনের দিনেই নিজের অভিনীত বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়াকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন রণবীর।

সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা নিয়ে অভিনেতা আগে জানিয়েছিলেন, শুরুতে এত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা নিয়ে তার মধ্যে ভয় ও দ্বিধা ছিল। তিনি ভাবছিলেন, রামের মতো ঐতিহাসিক ও সম্মানিত চরিত্রকে তিনি ঠিকভাবে পর্দায় তুলে ধরতে পারবেন কি না। তবে ‘রামায়ণ’-এ কাজ করতে গিয়ে তার জীবনে অনেক পরিবর্তন এসেছে বলে জানান রণবীর। তার মতে, এই সিনেমা তাকে জীবনের মূল্যবোধ, ত্যাগ, দায়িত্ব ও ধর্ম সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।

রণবীর বলেন, মেয়ে রাহা তাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করেছে। আর ‘রামায়ণ’ তাকে রাহার জন্য আরো ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পারাকে তিনি জীবনের আশীর্বাদ হিসেবে মনে করেন।



‘রামায়ণ’-এর ট্রেলার গত ৩০ জুলাই বিশ্বজুড়ে প্রকাশ করা হয়। এর আগে ট্রেলার প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে ‘রামায়ণ’। সিনেমাটির দুই পর্বের মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে জানা গেছে।

প্রযোজক নমিত মালহোত্রা জানান, কয়েক বছর আগে যখন এই সিনেমার পরিকল্পনা করা হয়, তখন অনেকেই এত বড় পরিসরে ভারতীয় সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়ে অবাক হয়েছিলেন। তবে তাদের লক্ষ্য ছিল ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের এই মহাকাব্যিক গল্পকে বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরা।

‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলির আগে প্রেক্ষাগৃহে আসবে। আর দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। রণবীর কাপুর ও সাই পল্লবীর পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি দেওল, রবি দুবে ও যশ।

এসএ/টিএ

মন্তব্য করুন