ইলিয়াস কাঞ্চনের বাসায় রোজিনা, দেশবাসীর কাছে চাইলেন দোয়া
ছবি: সংগৃহীত
১০:১০ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন পর দেশে ফেরা সহশিল্পীকে দেখতে তার গুলশানের বাসায় গিয়েছিলেন জ্যেষ্ঠ চিত্রনায়িকা রোজিনা।
সেখানে কাঞ্চনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খবরাখবর নেন তিনি। পরবর্তীতে সামাজিক মাধ্যমে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করে অভিনেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রোজিনা।
ফেসবুকে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে রোজিনা লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়দিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সাথে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।’

কাঞ্চনের চিকিৎসা সংক্রান্ত আপডেট জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, ‘লন্ডনের ডাক্তাররা বলেছে এই মাসে ১২ তারিখে আবার লন্ডনে চলে যাবে কাঞ্চন চিকিৎসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন কাঞ্চনের জন্য, মহান আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।’
পাশাপাশি কাঞ্চনের সেবায় তার স্ত্রী, সন্তান ও জামাই দেখভাল করছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে লন্ডনে তার চিকিৎসা চলছে। সে বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। যার কারণে চিকিৎসকদের পরামর্শে তিন ধাপে সব মিলিয়ে প্রায় শ খানেক কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। দীর্ঘ চিকিৎসায় আশানুরূপ উন্নতি না হলেও কয়েকদিনের জন্য ঢাকায় এসেছেন তিনি।
এমআর/টিএ