© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুরে ৪ চোরাই মহিষসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

শেয়ার করুন:
পিরোজপুরে ৪ চোরাই মহিষসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ এএম | ০৭ আগস্ট, ২০২৬
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৫টি মামলার আসামি ও আন্তজেলা ডাকাত দলের সর্দার মো. কামরুল হাওলাদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) একটি হলুদ রঙের মিনি ট্রাকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ঝালকাঠির কাঁঠালিয়া থেকে চুরি হওয়া চারটি মহিষ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৪১ মিনিটের দিকে ভান্ডারিয়া থানায় রাত্রিকালীন দায়িত্ব পালনরত পুলিশের দুটি ভ্রাম্যমাণ (মোবাইল টিম) দল যৌথভাবে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি হলুদ রঙের মিনি ট্রাক চেকপোস্টের সংকেত অমান্য করে দ্রুতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে ভান্ডারিয়া থানাধীন বড় কানুয়া গ্রামের বটতলা নামক এলাকা থেকে ট্রাকটিকে আটকে সক্ষম হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা এলাকা থেকে চুরি করে আনা ওই চারটি মহিষ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্য কামরুল হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার কামরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় গুরুতর অপরাধের দীর্ঘ তালিকা রয়েছে। ডাকাতির ৮টি, দস্যুতার ৩টি এবং চুরির ৪টিসহ তার বিরুদ্ধে সর্বমোট ১৫টি মামলা রয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান মহিষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঁঠালিয়া থেকে চারটি মহিষ চুরি করে আসামি কামরুল ট্রাকযোগে ভান্ডারিয়া অতিক্রম করছিলেন। এ সময় টহলরত পুলিশ সদস্যরা মহিষসহ ট্রাকটি আটক করে। পরে কাঁঠালিয়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে গ্রেপ্তার ডাকাত সর্দার, উদ্ধার হওয়া চারটি মহিষ ও মিনি ট্রাকটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, মহিষ চুরির এ ঘটনায় ঝালকাঠির কাঁঠালিয়া থানায় ইতোমধ্যে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন