© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

শেয়ার করুন:
‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৪ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
আবারও চলচ্চিত্র নির্মাণে ফিরতে মুখিয়ে আছেন দেশের আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানিয়েছেন, বর্তমানে দুটি গল্প নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে একটি হতে পারে প্রেমের গল্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, তার নতুন সিনেমা হতে পারে বহুল আলোচিত ‘ব্যাচেলর’–এর চেয়েও সাহসী।

সম্প্রতি চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চলচ্চিত্রে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেন ফারুকী। তিনি বলেন, “আমি ফিল্ম মেকিংয়ে ফেরার জন্য অস্থির হয়ে আছি। স্ক্রিপ্ট লিখছি, দুইটা গল্প নিয়ে কাজ করছি। জানি না কোনটার স্ক্রিপ্ট আগে শেষ হবে। এই ১৮ মাসের পর আরও দুই-তিন মাস একই চক্করে গেল। এখন এই চক্কর থেকে বের হয়ে দ্রুত গল্পে ফিরতে চাই। তবে কোনটা আগে করব, সেটা এখনো ঠিক হয়নি। আমার ধারণা, একটা প্রেমের গল্প নিয়ে আসাটা ভালো হবে। তাহলে মাথাটাও একটু রিফ্রেশড হবে।”

নতুন সিনেমার বিষয়বস্তু প্রসঙ্গে ফারুকী জানান, তরুণ-তরুণীদের মনোজগতকে কেন্দ্র করে একটি গল্প লিখছেন তিনি। তার ভাষায়, “ব্যাচেলর–এর চেয়েও সাহসী সিনেমা লিখছি এখন। একই ইস্যু নিয়ে, তরুণ-তরুণীদের মন নিয়ে লিখছি। দেখা যাক, কবে এটা বানানো যায়।”

তিনি বলেন, ব্যাচেলর মুক্তির সময় যেমন সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, নতুন ছবিটিও তেমন আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে। “ব্যাচেলর যেমন একদল মানুষকে বিব্রত করেছিল, আবার আরেকদল মানুষ খুব ভালোবেসেছিল। ছবিটি মুক্তির পর চার বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে গালি খেয়েছি। পরে দেখলাম, সেই ছবিকেই অনেকে ‘কাল্ট ফিল্ম’ বলছে। এখন যে গল্পটি লিখছি, আমার ধারণা সেটাও হয়তো জাতিকে দুই ভাগে বিভক্ত করবে। আমার কিছু করার নেই।”

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে নিজস্ব নির্মাণভাষা দিয়ে আলোচিত মোস্তফা সরয়ার ফারুকী ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডুব ও শনিবার বিকেল–এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এফআর/এসএন

মন্তব্য করুন