গ্যারেজে কোটি কোটি টাকার সুপারকার, 'খেলনা' বললেন রোনালদো
ছবি: সংগৃহীত
০২:২৬ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
ফুটবল মাঠে যেমন রেকর্ডের পর রেকর্ড গড়েছেন, মাঠের বাইরেও বিলাসবহুল জীবনযাপনের জন্য সমানভাবে পরিচিত ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নিজের ব্যক্তিগত সুপারকার সংগ্রহের এক ঝলক দেখিয়ে আবারও আলোচনায় এসেছেন পর্তুগিজ মহাতারকা।
বিশ্বকাপ-পরবর্তী ছুটি কাটানোর সময় ইনস্টাগ্রামে নিজের গ্যারেজের তিনটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবির ক্যাপশনে মাত্র দুটি শব্দ লেখেন তিনি-‘মাই টয়জ’ (আমার খেলনাগুলো)। ছোট্ট এই ক্যাপশনই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায়, রোনালদোর গ্যারেজে সারি করে রাখা রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ও বিরল কিছু সুপারকার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার সংগ্রহে রয়েছে চারটি ফেরারি, একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, একটি পোর্শে ৯১১, দুটি বুগাত্তি এবং একটি ম্যাকলারেন সেনা। এছাড়াও রয়েছে আরও কয়েকটি বিলাসবহুল স্পোর্টস কার।
প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর মোট স্পোর্টস কারের সংখ্যা প্রায় ১৩টি। পুরো সংগ্রহের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৫৮ কোটি টাকা প্রায়।
দুই দশকেরও বেশি সময় ধরে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমানে আল-নাসরে খেলে অর্জিত বিপুল সম্পদের প্রতিফলন দেখা যায় তার এই সংগ্রহে।
বর্তমানে ২০২৬ বিশ্বকাপ শেষে দীর্ঘ ছুটি উপভোগ করছেন ৪১ বছর বয়সী রোনালদো। বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালের বিদায়ের পর পরিবারের সঙ্গে স্পেনের মায়োর্কায় সময় কাটাচ্ছেন তিনি।
এদিকে আল-নাসর প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করলেও এখনও পুরোপুরি অনুশীলনে যোগ দেননি রোনালদো। তবে সম্প্রতি আলমেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে উপস্থিত হয়ে সতীর্থদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাকে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো সমস্যা নয়; বরং নতুন মৌসুমের আগে তার শারীরিক প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে পরিকল্পিতভাবেই অতিরিক্ত বিশ্রাম দেওয়া হচ্ছে। গত বছর আল-নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করা রোনালদোকে ঘিরে নতুন মৌসুমেও বড় প্রত্যাশা রয়েছে সৌদি ক্লাবটির।
এসএন