জন্মের পর হাসপাতালেই অদলবদল হয়েছিলেন রানি মুখার্জি
ছবি: সংগৃহীত
০৩:০৭ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অভিনয়জীবনের নানা সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনা হয়। তবে অনেকেরই অজানা, জন্মের পর হাসপাতালের একটি ভুলে অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন এই অভিনেত্রী।
১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। জন্মের পর হাসপাতালের এক নার্সের ভুলে একটি পাঞ্জাবি দম্পতির নবজাতকের সঙ্গে অদলবদল হয়ে যান রানি।
এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। রানি বলেন, জন্মের পর ভুলবশত তাকে অন্য একটি পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তার মা কৃষ্ণা মুখার্জি বিষয়টি দ্রুত বুঝতে পারেন।
রানির ভাষ্য, তার মা যখন নবজাতক শিশুটিকে দেখেন, তখনই সন্দেহ হয়। কারণ শিশুটির চোখের মণির রং তার সন্তানের চোখের রঙের সঙ্গে মিলছিল না। এরপর তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানান, এই শিশু তার নয় এবং নিজের সন্তানকে খুঁজে বের করার দাবি জানান।

পরে হাসপাতালজুড়ে খোঁজাখুঁজির পর একটি পাঞ্জাবি দম্পতির কাছ থেকে রানিকে উদ্ধার করা হয়। এরপর দুই নবজাতককে তাদের প্রকৃত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
রানি আরও জানান, পরবর্তী সময়ে পরিবারে বিষয়টি নিয়ে প্রায়ই মজা করা হতো। অনেকে হাস্যরস করে বলতেন, তিনি নাকি আসলে পাঞ্জাবি পরিবারের সন্তান, ভুল করে মুখার্জি পরিবারে বড় হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, নবজাতকদের পরিচয়পত্র বা ট্যাগ লাগানোর সময় দায়িত্বে থাকা এক নার্সের ভুল থেকেই এই অদলবদলের ঘটনা ঘটে।
জন্মের সেই ঘটনাটি আজও রানির জীবনের অন্যতম আলোচিত স্মৃতি। তবে পরবর্তী সময়ে তার জীবন আর ক্যারিয়ার বলিউডে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
ব্যক্তিগত জীবনেও সুখী রানি মুখার্জি। ২০১৪ সালে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন তিনি। ইতালিতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ২০১৫ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান আদিরা।
কেএন/এসএন