বিয়ে না করার কারণ জানিয়ে মুখ খুললেন সাইফ আলি খানের বোন
ছবি: সংগৃহীত
০৩:৩৩ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী সোহা আলি খানের বড় বোন সাবা আলি খান প্রথমবারের মতো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মাত্র ১৯ বছর বয়সে একবার বিয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত সেই বিয়ে হয়নি। এরপর আর কখনো এমন কাউকে খুঁজে পাননি, যার সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে পারেন। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়া ও তার স্বামী আঙ্গাদ বেদির একটি ভ্লগে অতিথি হিসেবে হাজির হয়ে সাবা আলি খান জানান, তার জীবনে কখনও কোনো প্রেমিক ছিল না। ১৮-১৯ বছর বয়স থেকেই পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য বিভিন্ন পাত্রের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
সাবা বলেন, ‘আমার কখনও কোনো বয়ফ্রেন্ড ছিল না। ১৮-১৯ বছর বয়স থেকেই অনেকের সঙ্গে বিয়ের উদ্দেশ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তবে কাউকেই বিয়ে করিনি। যদিও ১৯ বছর বয়সে কলকাতার একজনের সঙ্গে প্রায় বিয়েই হয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। আসলে তখন আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না।’
সাবা জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বিয়ের বিষয়ে ইতিবাচকই ছিলেন। কিন্তু তার সঙ্গে মানসিকভাবে সামঞ্জস্যপূর্ণ কাউকে খুঁজে পাননি। তিনি বলেন, আমি এমন কাউকে খুঁজে পাইনি, যার সঙ্গে সত্যিকারের মিল পাওয়া যায়।
আর আমার বাবার মতো একজন মানুষকে দেখে বড় হওয়ার পর বিষয়টা আরও কঠিন হয়ে যায়। অবশ্যই কেউ নিজের বাবার মতো কাউকে খোঁজে না, কিন্তু বাবা তো বাবাই।
বাবার প্রভাব
প্রয়াত বাবা, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবা। তিনি বলেন, তার বাবা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, বিনয়ী ও দায়িত্বশীল একজন মানুষ। একই সঙ্গে তিনি মেয়েকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছিলেন।
সাবার ভাষায়, তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তিনি আমাকে স্বাধীনভাবে চলতে শিখিয়েছেন। অভিনেত্রী তাপসী পান্নু একবার বলেছিলেন, 'আমার কোনো ছেলে নয়, একজন পরিণত মানুষ দরকার।' কথাটা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আমি তেমন কাউকেই খুঁজে পাইনি।
সাবা আলি খান হলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও প্রয়াত ক্রিকেট কিংবদন্তি মনসুর আলি খান পতৌদির জ্যেষ্ঠ কন্যা। সাইফ আলি খান ও সোহা আলি খানের মতো তিনি অভিনয়জগতে না এসে মূলত গহনা নকশা (জুয়েলারি ডিজাইন) এবং পারিবারিক ঐতিহ্য সংরক্ষণের কাজের সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখলেও সাম্প্রতিক এই সাক্ষাৎকারে নিজের বিয়ে না করার কারণ প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
এসএ/টিএ