‘গ্ল্যাডিয়েটর’ তারকার সঙ্গে নতুন চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত
০৪:৩২ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
বলিউডের গণ্ডি পেরিয়ে দীর্ঘদিন ধরেই হলিউড সিনেমা আলোকিত করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার আবারও এক বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউডের এই ‘দেশি গার্ল’। অস্কারজয়ী বিখ্যাত অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করতে যাচ্ছেন নতুন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লু ফ্লাই’-তে। আলোচিত এই সিনেমার পরিচালনায় থাকবেন ‘প্রিডেটরস’ ও ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত নির্মাতা নিমরোড আনতাল।
এক সময় বলিউডে ব্যস্ত সময় পার করা প্রিয়াঙ্কা বিয়ের পর বিদেশেই থিতু হয়েছেন। সাম্প্রতিক সময়ে একের পর এক বিগ বাজেটের প্রজেক্টে যুক্ত হয়েছেন। কিছুদিন আগেই অরল্যান্ডো ব্লুমের বিপরীতে ‘রিসেট’ নামের একটি সারভাইভাল থ্রিলারে কাজের ঘোষণা দিয়েছেন তিনি। চলতি বছরেই প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া তার ‘দ্য ব্লাফ’ বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলে এবং শীর্ষস্থান দখল করে নেয়।
দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেপ্রেমীদের আগ্রহে পরিণত হয়েছেন। বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়ন বাগিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। তার ‘হেডস অব স্টেট’ ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে আউটস্ট্যান্ডিং টেলিভিশন মুভির মনোনয়ন পেয়েছে। অন্যদিকে ‘দ্য ব্লাফ’ সিনেমায় চমৎকার অভিনয়ের জন্য ২০২৬ ক্রিকটিকস চয়েস সুপার অ্যাওয়ার্ডসে সেরা অ্যাকশন অভিনেত্রীর মনোনয়ন পান তিনি।

হলিউডের ব্যস্ততা থাকলেও নিজের মাটির প্রতি টান বিন্দুমাত্র কমেনি ‘দেশি গার্ল’ খ্যাত এই তারকার। ভারতে এস এস রাজামৌলির বিশাল ক্যানভাসের প্যান-প্যাসিফিক সিনেমা ‘বারাণসী’তে দেখা যাবে মহেশ বাবুর সঙ্গে। সিনেমাটি আগামী বছরের এপ্রিলে পর্দায় আসবে। সূত্র: বলিউড হাঙ্গামা
হলিউডের বিগ বাজেটের ‘ব্লু ফ্লাই’ সিনেমাটি নির্মিত হচ্ছে কঙ্গোর পটভূমিতে। দেখা যাবে এক শোকাহত জাতিসংঘ অনুবাদককে, যিনি একটি গোপন মিশনে জড়িয়ে পড়েন। একটি রহস্যময় নিখোঁজ বিমান উদ্ধারের জন্য তিনি স্পেশাল অপারেশন দলের সঙ্গে বিপজ্জনক এলাকায় রওনা হন, যা পরবর্তী সময় চরম উত্তেজনাকর মোড় নেয়।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাইল্যান্ড ফিল্ম গ্রুপের সিইও আরিয়ান ফ্রেজার জানান, ‘গ্ল্যাডিয়েটর’ অভিনেতা রাসেল ক্রো এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো দুর্দান্ত কাস্টিং এই থ্রিলারকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো এবং ভারতীয় গ্লোবাল আইকন প্রিয়াঙ্কার এই নতুন রসায়ন দেখার জন্য এখন বিশ্বজুড়ে সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এসএ/এসএন