© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

শেয়ার করুন:
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হয়েছে। তবে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল হাসান তার স্ত্রী ও সাত বছর বয়সী নাতি জুলকার নাঈনকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁর দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান নিহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিরাজুল মণ্ডল বলেন, চালকের অদক্ষতা ও অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমার মনে হয়েছে। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি নিজেদের রক্ষা করতে রাস্তার বাম পাশে সরে গেলেও শেষ পর্যন্ত সংঘর্ষ এড়াতে পারেনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, একই দিন ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস শ্রমিকদের ওপর উঠে গেলে সাতজন নিহত হন। সেই মর্মান্তিক ঘটনার কয়েক ঘণ্টা না পেরোতেই একই এলাকার অদূরে আরেকটি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ঝরে গেল আরও দুটি প্রাণ।

এসএ/এসএন

মন্তব্য করুন