গানে অপূর্বর নতুন যাত্রায় কুমার বিশ্বজিৎ ও ফাহমিদার শুভেচ্ছা
ছবি: সংগৃহীত
০৯:০৮ এএম | ০৮ আগস্ট, ২০২৬
অভিনেতা হিসেবে দর্শকের হৃদয় জয় করার পর এবার গায়ক পরিচয়ে মঞ্চে উঠতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। আজ (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রথম একক সংগীতানুষ্ঠান ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।
আর এই নতুন যাত্রাকে ঘিরে শুভকামনা জানিয়েছেন দেশের বরেণ্য দুই সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবী। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য এই কনসার্ট ঘোষণার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অভিনয়ের বাইরে অপূর্বর গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
নিজের ফেসবুকে কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবীর শুভেচ্ছাবার্তার দুটি ভিডিও শেয়ার করেছেন অপূর্ব। ভিডিওতে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার ভীষণ প্রিয় ও স্নেহভাজন অপূর্ব যেমন অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছে তেমনি এখন গান দিয়ে সবাইকে মুগ্ধ করুক, এটা আমার দোয়া। দেশ ও প্রবাসের মাটিতে আমাদের বাংলা গান ও প্রকৃত সংস্কৃতিকে যারা উঁচুতে ধরে রাখে তাদের সঙ্গে আমি সবসময় আছি। আমি অপূর্বর এই পুরো আয়োজনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। অনেক ভালোবাসা আর শুভকামনা অপূর্ব। অনেক দূর এগিয়ে যাও।’
এই ভিডিওর ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘যাঁর গায়কী প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মনে জায়গা করে নিয়েছে, সেই কিংবদন্তির কাছ থেকে এমন ভালোবাসা ও অনুপ্রেরণা পাওয়া এক পরম প্রাপ্তি! হৃদয়ের গভীর থেকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
অন্য ভিডিওতে ফাহমিদা নবী বলেন, ‘অপূর্ব তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি যতটা সুন্দর অভিনয় করো ততটাই সুন্দর করে গান করো। আমার খুবই ভালো লাগে। আমি যদি এখন নিউ ইয়র্কে থাকতাম তাহলে অবশ্যই তোমার অনুষ্ঠান দেখতে যেতাম। তুমি গান গাইবে, আমার অনেক ভালো লাগছে। অনুষ্ঠান অনেক ভালো হোক, অল দ্য বেস্ট।’
ভিডিওটির ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘আপনার কণ্ঠের জাদুর মত, এই ভালোবাসার শুভেচ্ছাগুলোই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ, নুমা আপু! ভালোবাসা ও শ্রদ্ধা।’
শুধু কুমার বিশ্বজিৎ ও ফাহমিদা নবীই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বকে শুভকামনা জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই। একই সঙ্গে তারা নিউইয়র্কে বসবাসরত দর্শকদের কনসার্টে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, ৮ আগস্ট রাত ৮টায় শুরু হবে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংগীতানুষ্ঠান। এতে নিজের কণ্ঠে একাধিক জনপ্রিয় গান পরিবেশন করবেন অপূর্ব। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা।
এসএ/টিএ