পটুয়াখালীতে সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত
০৮:০২ পিএম | ০৮ আগস্ট, ২০২৬
পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির হোসেন মৃধা নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত জাকির হোসেন মৃধা গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে জাকির হোসেন তার স্ত্রীর সঙ্গে মাটির ঘরের খাটে বসে পা দুলিয়ে মুড়ি খাচ্ছিলেন। এ সময় একটি ছোট সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তার উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।’
জাকির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
একেএস/টিএ