যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মানলেই খুলবে হরমুজ : আইআরজিসি
ছবি: সংগৃহীত
০৯:০২ পিএম | ০৮ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সঙ্গে ওমানের চলমান আলোচনার সঙ্গে প্রণালিটি খোলার বিষয়টির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছে সংগঠনটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি ইরানের নির্ধারিত ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্তের’ ওপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক জলপথ নয়; এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি উপাদান।’
মোহেবি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত ‘সম্পূর্ণভাবে মেনে নিতে হবে’ এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এরপরই প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
আইআরজিসির এই মুখপাত্রর ভাষায়, ‘যখনই যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।’
এর মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের অবস্থান যে কেবল ওমানের সঙ্গে চলমান আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সমঝোতার সঙ্গেও সরাসরি যুক্ত-আইআরজিসির বক্তব্যে তা স্পষ্ট হয়েছে।
আরআই/টিএ