ভারতে ৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী
ছবি: সংগৃহীত
০১:০৬ এএম | ০৯ আগস্ট, ২০২৬
পাঁচ সন্তানের জননীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী নিজেই। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের পাঁচ সন্তান রয়েছে।
কয়েক মাস আগে ফুলমতির সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। এরই জের ধরে প্রায় দুই মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি বাড়িতে ফিরে আসেন। কিন্তু এরপরও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও অশান্তি চলতেই থাকে।
এমন পরিস্থিতে বুদ্ধিরাম এই বিরল সিদ্ধান্ত নেন। অবধেশের সঙ্গেই নিজের স্ত্রীর বিয়ের আয়োজন করেন তিনি। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুদ্ধিরাম নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং প্রচলিত রীতিতে স্ত্রীকে বিদায় দেন।
বুদ্ধিরাম জানান, তিনি ২১ বছর আগে ফুলমতিকে বিয়ে করেছিলেন, কিন্তু সে আর তার সঙ্গে থাকতে চায় না। তিনি বলেন, ‘আমি বাড়ির প্রতিদিনের অশান্তি নিয়ে থাকতে চাই না। তাই, সে যার সঙ্গে থাকতে চায়, তার সঙ্গেই তার বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আরআই/টিএ