সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হা'মলা-ভাঙচুর
ছবি: সংগৃহীত
০৭:২৩ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেটে থাকা কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক লাইট ভাঙচুর করা হয়।
রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় অবস্থিত আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোক বাড়িটির সামনে এসে গেটে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়ে। এতে কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগে শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের অভিযোগ ওঠে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণের গহনা যার বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান জানান, একটি মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে, এমন কথা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এফআর/টিএ