© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

শেয়ার করুন:
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ১০ আগস্ট, ২০২৬
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ইউএসজিএস। এর উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

তবে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দূরবর্তী এলাকাসহ কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে জোরালো কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যমতে, কলম্বিয়ার মূল ভূখণ্ড ছাড়িয়ে ভেনেজুয়েলা সীমান্ত এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, ভূমিকম্পে বিভাগের রাজধানী কিবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখানে স্থায়ী অবকাঠামোরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। সম্ভাব্য আফটারশকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ কলম্বিয়া। একাধিক টেকটোনিক প্লেটের সীমানা এবং প্রধান ফল্ট লাইনের কাছাকাছি অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। 

এমআর/টিএ  

মন্তব্য করুন