© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসি-সুয়ারেজের সঙ্গে আবারও জুটি বাঁধতে পারেন নেইমার

শেয়ার করুন:
মেসি-সুয়ারেজের সঙ্গে আবারও জুটি বাঁধতে পারেন নেইমার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ এএম | ১১ আগস্ট, ২০২৬
মাঠে বার্সেলোনার সেরা সময় কেটেছে যখন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার একসঙ্গে খেলেছেন। প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ানো এই জুটি আবারও মাঠে ফিরতে পারে। এমন ইঙ্গিত দিয়ে রাখলেন নেইমার নিজে। ইন্টার মায়ামিতে যাওয়ার দরজা খুলে রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেখানে গেলে দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে আবারও জুটি বাঁধার সুযোগ পেতে পারেন নেইমার। সোমবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বিষয়টি সামনে আনে।

তবে এখন পর্যন্ত নেইমার ও ইন্টার মায়ামির মধ্যে কোনো চুক্তি কিংবা আনুষ্ঠানিক আলোচনা হয়েছে, এমন নিশ্চিত তথ্য নেই। মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারের বর্তমান চুক্তির পরিস্থিতিই মূলত ইন্টার মায়ামিতে সম্ভাব্য যোগদানের জল্পনাকে উসকে দিয়েছে।

সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন না করলে ২০২৬ সালের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন নেইমার। তখন নিজের ভবিষ্যৎ নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে তার। ২০২৭ সাল নিয়ে নেইমার নিজেও একাধিক সম্ভাবনা খোলা রেখেছেন। সান্তোসে থেকে চুক্তি নবায়ন করা, বিদেশের কোনো ক্লাবে নতুন অভিজ্ঞতা নেওয়া কিংবা শেষ পর্যন্ত পেশাদার ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনাও রয়েছে তার সামনে।

তবে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনাটি আলাদা গুরুত্ব পাচ্ছে মূলত মেসি-সুয়ারেজের সঙ্গে আবারও একই দলে খেলার কারণে। বার্সেলোনায় ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছিলেন মেসি, সুয়ারেজ ও নেইমার। ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ী ওই সময় ইউরোপিয়ান ফুটবলের অন্যতম ভয়ংকর আক্রমণভাগে পরিণত হয়েছিল।



তিনজন মিলে বার্সেলোনাকে জিতিয়েছিলেন নয়টি শিরোপা। এর মধ্যে ছিল একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা ও তিনটি কোপা দেল রে।

২০১৪-১৫ মৌসুমে ছিল তাদের সাফল্যের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। ওই মৌসুমে বার্সেলোনা জিতেছিল ট্রেবল—চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রে। সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি, নেইমার ও সুয়ারেজ করেছিলেন মোট ১২২ গোল। মেসির গোল ছিল ৫৮টি, নেইমার ৩৯টি এবং সুয়ারেজ ২৫টি।

সেই বিধ্বংসী ‘এমএসএন’ ত্রয়ীর পুনর্মিলন যদি শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে হয়, তাহলে তা শুধু মাঠের দিক থেকেই নয়, বাণিজ্যিকভাবেও হবে বড় আকর্ষণের বিষয়। তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে অন্তত ২০২৬ সালের শেষ পর্যন্ত।

একেএস/টিএ

মন্তব্য করুন