জেন্ডার সমতায় আইন যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক মানসিকতার পরিবর্তন: ঢাবি উপাচার্য
ছবি: সংগৃহীত
০৪:৫১ পিএম | ১১ আগস্ট, ২০২৬
জেন্ডার সমতা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, এর পাশাপাশি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তনও জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিডিজিএস) এবং ইউএন উইমেন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সিডিজিএস–ইউএন উইমেন পলিসি ডায়ালগ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সিডিজিএসের পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইউএন উইমেন বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা।
অনুষ্ঠানে ‘অ্যাচিভিং জেন্ডার ইকুয়ালিটি বিফোর দ্য ল’ ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা।
উপাচার্য বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষিত তরুণ সমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি গবেষণাভিত্তিক পলিসি পেপার তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব নীতিনির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণদের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে পারলে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের উদ্যোগ আরও শক্তিশালী হবে।
পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা ইয়াসমীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী মাসুদা রেহেনা বেগম এবং উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার।
অনুষ্ঠানে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক অদিতি সবুর ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভাগের শিক্ষার্থী আলিমা জাইম ও ফারহানা আলী শুচি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনায় বক্তারা বাংলাদেশের আইন ও নীতিমালায় জেন্ডার সমতার অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ, সামাজিক প্রতিবন্ধকতা এবং নারীর ন্যায়বিচার প্রাপ্তির পথ নিয়ে মতবিনিময় করেন। তারা জেন্ডার বৈষম্য দূর করতে শিক্ষা, আইনি সুরক্ষা, সামাজিক সচেতনতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
আরআই/টিএ