সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের একদল শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
০৬:০৩ পিএম | ১১ আগস্ট, ২০২৬
নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। দ্রুত পরীক্ষা সম্পন্ন করে বিদ্যমান কাঠামোতে ঢাবির অধীনেই স্নাতক শেষ করার দাবি জানিয়েছেন তারা। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।
তাদের অভিযোগ, নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষাবর্ষ শেষ করতে গেলে তাদের দুই থেকে তিন বছরের সেশনজটে পড়তে হতে পারে। এতে অনার্স সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে।
সংকট এড়াতে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষা দ্রুত আয়োজনের দাবি জানান তারা। শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান শিক্ষার্থীরা।
এর আগে, ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে এর আগে শিক্ষার্থীরা আন্দোলন করেন। ২০১৭ সালে প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকেই সাত কলেজ নিয়ে সংকট চলে।
এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। পরে তাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়া হয়।
আরআই/টিএ