স্ত্রীকে ধন্যবাদ দিয়ে ফেসবুক পোস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
ছবি: সংগৃহীত
০৯:৩২ পিএম | ১১ আগস্ট, ২০২৬
স্ত্রীকে ধন্যবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মঙ্গলবার (১১ আগস্ট) আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট করা হয়। নিজেদের একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে স্ত্রী ওয়ান আজিজাহকে উদ্দেশ করে লেখা হয়, ‘প্রতিটি পরিস্থিতির সঙ্গী। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ আজিজাহ।’
ছবিতে দেখা যায়, হাসপাতালের একটি কক্ষে বসে আছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর স্ত্রী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আনোয়ার ইব্রাহিমের একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে বলে সোমবার (১০ আগস্ট) মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়।
সিনিয়র প্রেস সেক্রেটারি তুংকু নাশরুল আবাইদাহ জানান, একদল চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শে আনোয়ারের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া চলছে। তবে কী ধরনের চিকিৎসা প্রক্রিয়া করা হচ্ছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আনোয়ার ইব্রাহিমের চিকিৎসা-সংক্রান্ত এই ঘোষণা আসে তার ৭৯তম জন্মদিনে। তিনি ১৯৪৭ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ২০২২ সালের নভেম্বর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এদিকে আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে এ বার্তা দেয়া হয়।
এমআর/টিএ