মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
ছবি: সংগৃহীত
০৯:৪১ পিএম | ১১ আগস্ট, ২০২৬
এক মেডিকেল শিক্ষার্থীকে দায়ের করা ধর্ষণ, অপরাধমূলক হুমকি এবং মারধরের অভিযোগে ভারতের উদীয়মান ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দমদম থানার অন্তর্গত ইমামি সিটি এলাকা থেকে এই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে।
হুগলি গ্রামীণ পুলিশের এসপি কুনওয়ার ভূষণ সিং এই তথ্য নিশ্চিত করেছে।
গত জুনে ওই ছাত্রী অভিযোগ করেছিলেন যে, অভিষেক তাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং পরবর্তীতে তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছেন।
এর আগে কলকাতা হাইকোর্ট পুলিশকে অভিষেক পোড়েলকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছিল। আদালতের সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে।
এর আগে অভিষেক ভারতের ‘এ’ দলের হয়ে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর করেছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এই বাঁহাতি ব্যাটার।
ছাত্রীর দাবি অনুযায়ী, তিনি এবং অভিষেক গত তিন বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে গত বছর থেকে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং এরপর থেকেই অভিষেক তার সাথে দূরত্ব তৈরি করতে শুরু করেন।
ওই নারীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুললেও এখন অভিষেক তাকে বিয়ে করতে অস্বীকার করছেন। এ ছাড়াও শারীরিক সম্পর্কের পাশাপাশি তাকে মারধর এবং ভয়ভীতিও প্রদর্শন করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, তারা অভিযোগপত্র গ্রহণ করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন।
বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার হিসেবে অভিষেক পোড়েল ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করছেন। গত মৌসুমে দিল্লির হয়ে ৪ ইনিংসে তিনি ১০৮ রান সংগ্রহ করেছিলেন।
ঘরোয়া ক্রিকেটে ২০২১-২২ মৌসুমে বেঙ্গলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক হয়। এ পর্যন্ত তিনি ৩২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।
দেশের হয়েও ভবিষ্যতে বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল তাকে, তবে এই আইনি জটিলতা তার ক্যারিয়ারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
এফআর/টিএ