© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাভারে ৪ তলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান

শেয়ার করুন:
সাভারে ৪ তলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ এএম | ১২ আগস্ট, ২০২৬
ঢাকার সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবন ঘিরে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ভবনটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ভবনটি ঘিরে ফেলেন সিটিটিসি ও পুলিশ সদস্যরা। পরে রাত ১০টার দিকে ভবনটির ভেতরে অভিযান শুরু করেন সিটিটিসির সদস্যরা। এ সময় সিটিটিসির সদস্যদের পাশাপাশি সাভার মডেল থানা-পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই প্রতিবেদন লেখার সময় রাত ১২টা ২০ পর্যন্ত অভিযান চলমান রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, কয়েক দিন আগে ওই এলাকায় পাঁচটি ককটেল ও বিস্ফোরকসহ আরিফ নামে একজনকে আটক করে সিটিটিসি। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ভবনটির একটি ইউনিট চলতি মাসের ১ তারিখে ভাড়া নেয়া হয়েছিল। সেখানে বিস্ফোরক তৈরির সরঞ্জাম রাখা হয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনাটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম জানান, এই অভিযান সম্পর্কে তার কাছে এখন পর্যন্ত কোন তথ্য নেই এবং অভিযান সম্পর্কে আগে থেকে তাদেরকে অবহিত করা হয়নি। 

এমআর/টিএ  

মন্তব্য করুন