মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
ছবি: সংগৃহীত
১০:১১ এএম | ১২ আগস্ট, ২০২৬
শেরপুরে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত আড়াইটার দিকে শেরপুর শহরের নবীনগর নয়াপাড়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের তৃতীয়তলার বাসভবন থেকে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আঞ্চলিক পাসপোর্ট অফিসে যায়।
পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুরে।
তিনি আরো বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের রাত আড়াইটার দিকে থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এফআর/টিএ