অজিদের কাঁপিয়ে দিয়ে কার উইকেটকে বিশেষ বললেন হাসান?
ছবি: সংগৃহীত
০৯:২৯ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
ডারউইন টেস্ট শুরুর আগেই আলোচনা হচ্ছিল অস্ট্রেলিয়ার সামনে ৫ দিন টিকতে পারবে তো বাংলাদেশ। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-প্যাট কামিন্সকে উত্তরও দিতে হলো।
তবে আজ প্রথম টেস্ট শুরু হতেই ভিন্ন চিত্র দেখা গেল। বাংলাদেশ নয়, শুরুতেই কেঁপে উঠল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ১৯৮ রানে থামল অজিদের প্রথম ইনিংস। যা বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর। প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে নেতৃত্ব দিয়েছেন হাসান মাহমুদ।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন হাসান। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তিনি। ৫৫ রানে নিয়েছেন ৬ উইকেট।
তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
৬ উইকেটের মধ্যে হাসানের কাছে কোনটি সেরা? এমন প্রশ্ন করা হলে স্টিভেন স্মিথের উইকেটটি বিশেষ বলে জানিয়েছেন ২৬ বছর বয়সী পেসার। হাসানের মতো অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার স্মিথ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
স্মিথকে আউট করা নিয়ে হাসান বলেছেন, ‘বিশেষ বললে আমি অবশ্যই স্মিথের উইকেটের কথা বলব। সে বুঝতে পারছিল না আমি কী করতে যাচ্ছি। আমার প্রবৃত্তি বলছিল, সে আক্রমণাত্মক কিছু করার চেষ্টা করবে। তাই বাউন্সার করেছি, আর সে সেটি মিস করেছে।’
ক্যারিয়ারে তৃতীয়বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান। এর আগে ভারত-পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি। তিনটিই বিশেষ জানিয়ে তিনি বলেছেন, ‘৩ টি ফাইফারই আমার কাছে সেরা অর্জন। বিশ্বের সেরা ৩ দলের বিপক্ষে (ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া) ফাইফার পেয়েছি। সামনে আরো খেলা আছে, অনেক চ্যালেঞ্জ আসবে। যেন সেখানেও যেন ভালো করতে পারি।’
এমআই/টিএ