সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরার দেশ ছাড়ার গুঞ্জন
ছবি: সংগৃহীত
০৮:৪৪ এএম | ১৪ আগস্ট, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি সামিরা হক দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন; এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্যের কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।
সালমান শাহর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র সময় সংবাদের কাছে দাবি করেছে, অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর সামিরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন।
সূত্রটির দাবি, ডনকে গ্রেফতারের পর মামলাকে ঘিরে নতুন করে তৎপরতা শুরু হলে সামিরার দেশ ছাড়ার বিষয়টি সামনে আসে। তবে তিনি ঠিক কবে এবং কীভাবে দেশ ছেড়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সালমান শাহর মামা আলমগীর কুমকুমের করা নতুন হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক প্রধান (১ নম্বর) আসামি। এই মামলায় মোট ১১ জন আসামির নাম রয়েছে। দীর্ঘদিন ধরেই এ মামলাকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সম্প্রতি অভিনেতা ডনের গ্রেফতারের পর ঘটনাটি নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে সামিরা সত্যিই দেশ ছেড়েছেন কি না, কিংবা ভারতে অবস্থান করছেন কি না-এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল।
কেএন/এসএন