প্রথম ছবিতে আমিন খানের পারিশ্রমিক কত ছিল?
ছবি: সংগৃহীত
০১:২৮ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে শুটিংয়ে ফিরছেন নন্দিত অভিনেতা আমিন খান। মুহাম্মদ ইকবাল পরিচালিত এ সিনেমার মাধ্যমে ঢালিউডে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।
দীর্ঘদিন পর রুপালি জগতে ফেরা ও অভিনয়জীবনের শুরুর দিনগুলো নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন আমিন খান। স্মৃতিচারণ করতে গিয়ে এই অভিনেতা জানান, ঢালিউডে তার প্রথম কাজের পারিশ্রমিক ছিল মাত্র ১ টাকা।
স্মৃতিময় সেই অভিজ্ঞতার কথা জানিয়ে আমিন খান বলেন, ‘আমার প্রথম ছবির পারিশ্রমিক ছিল এক টাকা। আমার এখনো স্পষ্ট মনে আছে, সেই এক টাকার নোটটা আমি সযত্নে অ্যালবামে রেখে দিয়েছি। তবে ওই এক টাকার চেয়েও আমার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল ছবির পরিচালক ও প্রযোজক জনাব মোহাম্মদ হোসেনের ভালোবাসা ও সাপোর্ট।’

তার কথায়, ‘ছবির প্রয়োজনে কিংবা ছবির বাইরেও যা কিছু লেগেছে, সবটুকু উনি পূরণ করার চেষ্টা করেছেন। প্রথম ছবিতেই আমিন খানকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে বিশাল ব্র্যান্ডিং ও প্রচারণা উনি চালিয়েছিলেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এমন একজন প্রযোজক-পরিচালক পাশে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।’
অভিনয় ক্যারিয়ার গঠনে অর্থের চেয়ে কাজের প্রতি ভালোবাসাই মূল অগ্রাধিকার ছিল উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমার মূল উদ্দেশ্য ছিল অভিনয় করা, পারিশ্রমিক পাওয়া নয়। লক্ষ্য ছিল এমন একটি কাজ করা যা আমার ক্যারিয়ার গড়ে দেবে এবং আমাকে এই শিল্পে টিকে থাকতে সাহায্য করবে। তখন টাকাটা যেমন আমার কাছে মুখ্য ছিল না, এখনো নেই। একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাই ছিল আমার মূল চ্যালেঞ্জ।’
এসএন