‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে সিয়ামের নতুন লুক প্রকাশ
ছবি: সংগৃহীত
০৯:২২ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। একে একে সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর লুক প্রকাশ করছেন নির্মাতা। এবার সামনে আনলেন সিয়াম আহমেদের লুক। শুটিং সেট থেকে মনিটরের একটি ফ্রেম সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেতার চরিত্রটি নিয়ে বিস্তারিত ধারণাও দিয়েছেন রাফী।
‘আন্ধার’-এ সিয়ামকে দেখা যাবে ‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে। প্রকাশিত সিনেমাতে স্যুট পরা সিয়ামের মুখভর্তি দাড়ি-গোঁফ। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন অস্ত্রধারী দুই ব্যক্তি। তাদের হাতে থাকা পিস্তল তাক করা সিয়ামের মাথার দিকে। রহস্য আর উত্তেজনায় ভরা এই লুক ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সিয়ামের লুক প্রকাশ করে রায়হান রাফী লিখেছেন, প্রতিটি সিনেমায় নায়কদের আলাদা সত্তা ও চরিত্রে উপস্থাপনের চেষ্টা করেন তিনি। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ কিংবা ‘তাণ্ডব’ প্রতিটি সিনেমাতেই নায়কদের ভিন্নভাবে দেখানো হয়েছে। তবে এত দিন তার কোনো সিনেমাতে একেবারে ধ্রুপদি নায়কোচিত চরিত্র দেখা যায়নি। ‘আন্ধার’ সেই সুযোগ তৈরি করেছে বলে জানান নির্মাতা।
রাফীর ভাষ্য অনুযায়ী, ‘আন্ধার’-এর নায়ক এমন একজন, যিনি শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রতিশোধের উদ্দেশ্য ছাড়াই। বাংলাদেশের গল্পে এমন নিঃস্বার্থ নায়কোচিত চরিত্র খুব বেশি দেখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
এই চরিত্রের জন্য সিয়াম আহমেদকে বেছে নেওয়ার প্রসঙ্গে রাফী বলেন, “শুটিংয়ের আগে অনেক অভিনেতার কথা আমার মাথায় এসেছিল। কিন্তু শুটিং শেষ হওয়ার পর আমার মনে হয়েছে, ‘দেলোয়ার’ চরিত্রটির সঙ্গে সিয়াম এতটাই মিশে গেছেন যে এখন তাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করা কঠিন।”
এর আগে ‘আন্ধার’-এর বিভিন্ন চরিত্রের লুকও প্রকাশ করেছেন নির্মাতা। নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীর পর এবার প্রকাশ পেল সিয়ামের লুক। ফলে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়ছে।
নির্মাতার বক্তব্য ও প্রকাশিত লুক থেকে ধারণা করা যায়, ‘আন্ধার’-এ সিয়ামকে এবার প্রচলিত রোমান্টিক নায়কের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে দেখা যাবে। ‘ডিটেকটিভ দেলোয়ার’ চরিত্রে তার এই রূপ বড় পর্দায় কতটা চমক তৈরি করে, সেটিই এখন দেখার অপেক্ষা।
এসএ/টিএ