শুটিংয়ে আঘাত পেয়ে আপাতত ঘরবন্দি রাশমিকা
ছবি: সংগৃহীত
১০:২২ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ব্যস্ততার যেন শেষ নেই। এক সিনেমার কাজ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় অন্য সিনেমার প্রস্তুতি। এর সঙ্গে থাকে নাচ, অ্যাকশন ও নিয়মিত শারীরচর্চা। তবে এবার সেই ব্যস্ত জীবনে সাময়িক ছেদ পড়েছে। শুটিংয়ে আঘাত পেয়ে আপাতত ঘরবন্দি সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
‘মাইসা’ সিনেমার শুটিংয়ে নাচের একটি দৃশ্য করতে গিয়ে নিতম্বের পেশিতে চোট পেয়েছেন রাশমিকা। চোটের কারণে আপাতত শুটিং থেকে দূরে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামেই দিন কাটছে তার।
রাশমিকার বক্তব্য থেকেই বোঝা গেছে, আঘাতটি খুব একটা হালকা নয়। নিতম্ব থেকে পায়ের সঙ্গে যুক্ত একাধিক পেশির মধ্যে একটি জায়গা সরে গেছে। সেটি আবার আগের অবস্থায় ফিরতে কিছুটা সময় প্রয়োজন। ফলে স্বাভাবিক দৌড়ঝাঁপ তো বটেই, শারীরচর্চা কিংবা পা তুলে চলাফেরার মতো সাধারণ কাজও এখন তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
তবে শুটিং করতে গিয়ে এবারই প্রথম চোট পেলেন না রাশমিকা। এর আগেও শরীর তাকে থামার ইঙ্গিত দিয়েছিল। ২০২৫ সালের শুরুতে শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছিলেন অভিনেত্রী। সেই চোটের কারণে পায়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। এর প্রভাব পড়েছিল তার কাজেও। কয়েকটি সিনেমার শুটিং সাময়িকভাবে পিছিয়ে দিতে হয়েছিল।
সেই চোট কাটিয়ে অবশ্য খুব বেশি সময় নেননি রাশমিকা। আবারও ফিরেছিলেন শুটিংয়ে। শুরু হয়েছিল আগের মতো ব্যস্ততা। একের পর এক কাজের পাশাপাশি নাচ, অ্যাকশন ও শারীরিক প্রস্তুতিতেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি। কিন্তু এবার পরপর চোট তাকে নিজের জীবনযাপন নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে।
‘মাইসা’ সিনেমার কাজও বেশ পরিশ্রমসাধ্য। নাচের দৃশ্যের পাশাপাশি এতে শারীরিক পরিশ্রমের জায়গাও রয়েছে। ফলে আগের চোট কাটিয়ে দ্রুত একই গতিতে কাজে ফেরার পর শরীর এবার হয়তো আর সেই চাপ নিতে পারেনি।

এই বাধ্যতামূলক বিশ্রামকে অবশ্য শুধু দুর্ভোগ হিসেবে দেখছেন না রাশমিকা। বরং ব্যস্ততার কারণে এত দিন যে সময় নিজের জন্য বের করতে পারেননি, এখন সেটিই উপভোগ করছেন অভিনেত্রী।
বর্তমানে বাড়িতেই কাটছে তার দিন। ঘুম, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পোষ্যের সঙ্গে সময় কাটানো- এভাবেই চলছে রাশমিকার অবসর। এমনকি ব্যস্ততার কারণে আগে দেখা হয়ে ওঠেনি, এমন বিয়ের ছবি ও ভিডিও-ও এখন বসে দেখছেন তিনি।
রাশমিকার উপলব্ধি, এত দিন তিনি ভেবেছেন সব সময় ব্যস্ত থাকা এবং কাজের মধ্যে ছুটে চলাই স্বাভাবিক। কিন্তু কয়েক সপ্তাহের এই বিশ্রাম তাকে বুঝিয়েছে, জীবনে সব সময় দৌড়ে চলার প্রয়োজন নেই। নিজের শরীর ও মনের জন্যও সময় রাখা জরুরি।
আঘাত তাই রাশমিকার জন্য শুধু কষ্টের কারণ হয়ে আসেনি, কিছুটা বিরতিও এনে দিয়েছে। একের পর এক শুটিং সেটে ব্যস্ত থাকা অভিনেত্রী এখন ঘরেই সময় কাটাচ্ছেন। আপাতত তার অপেক্ষা সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফেরার।
এসএ/এসএন