জিটিএ ৬-এর ‘অ্যান এক্সটেন্ডেড লুক’ দেখা যাবে না বাংলাদেশে!
ছবি: সংগৃহীত
১২:৪১ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা জিটিএ সিক্স-এর ‘অ্যান এক্সটেন্ডেড লুক’ আগামী ২৭ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে। তবে বাংলাদেশের দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, এই পরিবেশনাটি বাংলাদেশ বা এই অঞ্চলের দর্শকদের জন্য উপলব্ধ নয়।
নেটফ্লিক্স এর সাইটে দেখা যায়, এই কনটেন্টটি নিয়ে দেশের জন্য 'আনঅ্যাভেইলেবল' বা অনুপলব্ধ দেখানো হচ্ছে। তবে ঠিক কী কারণে এটি এই অঞ্চলে দেখা যাবে না, তা নেটফ্লিক্সের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি।
অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, জিটিএ সিক্স-এর এই এক্সটেন্ডেড লুক আগামী ২৭ আগস্ট ইস্টার্ন টাইম (ইটি) বেলা ৩টায় নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে। নেটফ্লিক্স প্রথম ৬ ঘণ্টা এটি এক্সক্লুসিভভাবে প্রচার করবে। এরপর ওই দিন ইটি রাত ৯টায় এটি রকস্টার গেমসের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে।

এদিকে মূল গেমটি আগামী ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস-এর জন্য বাজারে আসতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।
এদিকে, পর্তুগিজ নেটফ্লিক্স পেজের একটি তালিকার সূত্র ধরে 'জিটিএ সিক্স' সাবরেডিটের এক ব্যবহারকারী জানিয়েছেন, এই পরিবেশনাটি হয়তো তিনটি আলাদা পর্বে বিভক্ত হতে পারে। এই তিনটি পর্বের মোট দৈর্ঘ্য এক ঘণ্টার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনটি পর্বে ঠিক কী উপস্থাপন করা হতে পারে, তা নিয়ে চলছে জোর জল্পনা। ধারণা, রকস্টার গেমস হয়তো গেমপ্লে, গল্প ও চরিত্র এবং ‘লেওনিডা’ নামক বিশাল প্রাগৈতিহাসিক রূপক বিশ্বকে তিনটি ভিন্ন পর্বে ভাগ করে তুলে ধরবে। তবে পুরো বিষয়টি নিয়ে রকস্টার গেমস, টেক-টু ইন্টারঅ্যাক্টিভ কিংবা নেটফ্লিক্স এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে ২৭ আগস্ট প্রিমিয়ার হওয়া পর্যন্ত দর্শকদের অপেক্ষাতেই থাকতে হচ্ছে।
এসএ/টিএ