পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
লিঙ্গ নির্ধারণী পরীক্ষায় শরীরে পুরুষ হরমোনের উপস্থিতি বেশি পাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত বেগম এবং নৌবাহিনীর কবিতা রায়কে নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। সেই সঙ্গে তাদের রেকর্ডসহ সব পদক বাতিল করা হয়েছে।
গত বছরের ১০ সেপ্টেম্বর ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে সেনাবাহিনীর জান্নাত বেগম এবং নৌবাহিনীর কবিতা রায়ের লিঙ্গ নির্ধারণ বিষয়ে শারীরিক পরীক্ষা কার্যক্রম শুরু করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
যা গত ১১ মে শেষ হয় এবং মেডিক্যাল বোর্ড গত ১৬ মে তাদের চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের কাছে হস্তান্তরের মাধ্যমে মতামত প্রকাশ করে।
মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী জান্নাত বেগম এবং ১৯ বছর বয়সী কবিতা রায়ের শরীরে যৌন বিকাশজনিত বৈচিত্র্য (XY DSD Differences of Sex Development) ধরা পড়েছে, যা চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী তাদের পুরুষ হিসেবে চিহ্নিত করেছে।
বিজ্ঞ বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, উভয় অ্যাথলেটের পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রয়েছে এবং উভয় গোনাড (জননগ্রন্থি) ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।
রক্তে টেস্টোস্টেরনের মাত্রার ক্ষেত্রে দেখা যায়, জান্নাতের টেস্টোস্টেরনের মাত্রা ১৯.৬৬ nmol/L, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নির্ধারিত সর্বোচ্চ সীমা (২.৫ nmol/L) অপেক্ষা প্রায় ৮ গুণ বেশি। আর কবিতা রায়ের টেস্টোস্টেরনের মাত্রা ১৬.৫০ nmol/L, যা নির্ধারিত সীমা (২.৫ nmol/L) অপেক্ষা সাড়ে ৬ গুণেরও বেশি।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের বিধিমালা অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের জন্য অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ধরে ২.৫ nmol/L-এর নিচে থাকা বাধ্যতামূলক। উভয় অ্যাথলেটই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন।
আজ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায় চিকিৎসাশাস্ত্র ও বিশ্ব সংস্থার বিধি অনুযায়ী পুরুষ বিবেচিত হওয়ায় তাদের নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে আজীবন নিষিদ্ধ করা হয়।
এ ছাড়া জান্নাত বেগমের জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অর্জিত ২টি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি সোনা, ১টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়।
কবিতা রায়ের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে অর্জিত ১টি সোনা, ১টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক বাতিল করে ফেডারেশন। সেই সঙ্গে ওই ইভেন্টগুলোর পদক তালিকায় পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মাঝে আইন অনুযায়ী পুনর্বণ্টন করা হবে।
এমআই/টিএ