© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

শেয়ার করুন:
মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ এএম | ১৬ আগস্ট, ২০২৬
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদে পাল্টা হামলা চালায়। সে সময় দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান পাঠানো হয়। কিন্তু বিমান দুটি ভূপাতিত হয়ে যায়। এই দুটি বিমানে চারজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন নিহত হলেও বাকি তিনজন জীবিত আছেন বলে জানিয়েছে ইরান।

শনিবার (১৫ আগস্ট) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহের একটি চিঠির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

চিঠিতে জেনারেল বাঘেরজাদেহ জানান, যুদ্ধের সময় সুখোই-২৪ বিমান ভূপাতিত হওয়ার পর তিন ইরানি পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছে কাতার। তারা হলেন জাভেদ সালেহি, আব্দুলমাজিদ দাসতিয়ান এবং ওমরান বেহরাভেসিয়ান। গত ছয় মাস ধরে কাতার তাদের আটক করে রেখেছে এবং পরিবার বা অন্য কারও সঙ্গে দেখা কিংবা যোগাযোগ করতে দিচ্ছে না।

রেডক্রসকে পাঠানো চিঠিতে তিনি এ তিন পাইলটের মুক্তির দাবি জানিয়েছেন।

এর আগে গত মার্চের শুরুতে আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার সময় চার পাইলটের মধ্যে মাজিদ কাজেমির মরদেহ কাতার থেকে ফিরিয়ে নেয় ইরান। বাকি তিনজন নিখোঁজ বলে জানানো হয়েছিল। এবারই প্রথমবারের মতো ইরান স্পষ্ট করে বলেছে যে তাদের কাতার আটক করে রেখেছে।

আল-উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি।

সূত্র: এএফপি

এমআর/টিএ  

মন্তব্য করুন