বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি এবার বার্সেলোনায়
ছবি: সংগৃহীত
০৮:৪৮ এএম | ১৭ আগস্ট, ২০২৬
নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে তিনি স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনায় যোগ দিচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইএসপিএনের সূত্রমতে, বার্সেলোনার আগের দুটি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় দফায় ৮ কোটি ৮৫ লাখ ডলারের প্রস্তাব গ্রহণ করেছে ম্যানচেস্টার সিটি। বিবিসির তথ্য অনুযায়ী, বার্সেলোনার সঙ্গে এই তারকার চুক্তি হতে যাচ্ছে চার বছরের জন্য।
২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে সিটিতে যোগ দিয়েছিলেন ২০২৪ সালের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। ইতিহাদে কাটানো সময়ে তিনি চারটি প্রিমিয়ার লিগ ও ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করেন।ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল।

চলতি গ্রীষ্মে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে নেতৃত্ব দেন অধিনায়ক রদ্রি। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর আসরে তিনি টুর্নামেন্ট সেরা হিসেবে 'গোল্ডেন বল লাভ করেন। ইতিহাসের মাত্র ১১তম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি'অর তিনটিই জয়ের অনন্য রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।
বার্সেলোনায় জাতীয় দলের সতীর্থ লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি ও দানি ওলমোদের সাথে যুক্ত হচ্ছেন রদ্রি। টানা দুইবারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সা সম্প্রতি দল থেকে হারিয়েছে ফেরান তোরেস, মার্কাস রাশফোর্ড ও রবার্ট লেওয়ানডফস্কিকে।
কেএন/এসএন