© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাড়ায় মিলবে ‘বয়ফ্রেন্ড’ বিজ্ঞাপনে সতর্কতা পুলিশের

শেয়ার করুন:
ভাড়ায় মিলবে ‘বয়ফ্রেন্ড’ বিজ্ঞাপনে সতর্কতা পুলিশের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘‘আপনার কি বয়ফ্রেন্ড চাই... আমরা ভাড়া দেব’’ শীর্ষক বিভ্রান্তিকর বিজ্ঞাপনে নতুন এক সাইবার প্রতারণার ছক উন্মোচিত হয়েছে। ভারতের হায়দরাবাদ পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই বিজ্ঞাপনে তরুণীদের একা থাকা বা একাকীত্বের সুযোগ নিয়ে প্রতারণা করার নানা কৌশল লুকিয়ে রয়েছে।

হায়দরাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনার বিষয়টিকে তরুণীদের উদ্দেশ্যে পাতা সাইবার অপরাধীদের এক নতুন ‘ডেটিং ফাঁদ’ হিসেবে উল্লেখ করেছেন। বিজ্ঞাপনে একাকীত্ব দূর করা, কফি খাওয়া, সিনেমা দেখা কিংবা কেনাকাটা ও বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সঙ্গ দেয়ার বিনিময়ে ভিন্ন ভিন্ন টাকার পরিমাণ নির্ধারণ করে ‘রেট কার্ড’ দেয়া হচ্ছে। এমনকি ১০ ঘণ্টার ফুল-ডে প্যাকেজের দাম ধরা হচ্ছে ৪,৪৯৯ টাকা। বুকিংয়ের জন্য মেসেজ দিলে পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেয়া হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কাল্পনিক ছেলেদের ছবি ব্যবহার করে প্রভাবিত করা হয়। অগ্রিম টাকা হিসেবে কিউআর কোড বা ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে অর্থ নেয়ার পর অপরাধীরা যোগাযোগ বন্ধ করে আইডি ব্লক করে দেয়।

পুলিশ কমিশনার জানান, বিষয়টির পেছনে থাকা চক্র অন্য রাজ্য থেকে কার্যক্রম পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে। সরাসরি কোনো ভুক্তভোগী এখনও আনুষ্ঠানিকভাবে অভিযোগ না জানালেও হায়দরাবাদ সাইবার ক্রাইম শাখা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ আরও সতর্ক করেছে যে, অনলাইনে বিশ্বাস করে দেখা করতে গেলে ভালোবাসার নামে প্রতারিত হওয়াসহ ব্যক্তিগত ছবি ও তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইলিংয়ের বড় ধরনের ঝুঁকি থাকে।

অন্য দিকে, পরামর্শদাতা ও মনোবিদদের মতে, বয়ঃসন্ধিকালের আকর্ষণে কিশোরীরা এসব চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হতে পারে। সাইবার ব্ল্যাকমেইলিং ও অপরাধ থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে অভিযোগ জানানো এবং অভিভাবকদের সন্তানের প্রতি ইতিবাচক ও সচেতনতামূলক আচরণ বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন