এবার ওমানে হামলার হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০৮:২৯ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতার পথে ‘বাধা সৃষ্টি করলে’ ওমানে তীব্র বোমা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণেরও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে ওই হুমকি দিয়েছেন ট্রাম্প।
মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ওমান যদি মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর তীব্র বোমা হামলা চালাব। ওমান ও ইরানের মাঝে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান আলোচনার প্রতি ইঙ্গিত করে ওই হুমকি দিয়েছেন তিনি।
জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ ব্যবস্থা নিয়ে ইরানি ও ওমানি কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয় পক্ষ একটি যৌথ ঘোষণার বিষয়ে কাজ করছে।
তবে ট্রাম্প বারবার দাবি করেছেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে; যা গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর সময় তেহরান কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল। যদিও বর্তমানে এই প্রণালিতে নৌযান চলাচল অনেকটাই সংকুচিত হয়ে রয়েছে।
এমনকি গত শুক্রবার ট্রাম্প দাবি করেন, তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করবেন। পাল্টা জবাবে ইরান বলেছে, অবরুদ্ধ করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্বালানি নৌপথ কেবল ইরানেরই থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান-বিরোধী যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিকে উন্মুক্ত আন্তর্জাতিক নৌপথ হিসেবে বিবেচনা করা হতো। বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের বিশাল অংশ এই প্রণালি দিয়েই সম্পন্ন হয়।
ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস এবং বিতর্কিত পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করার লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টার বিরুদ্ধে দর-কষাকষির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালির কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান।
হরমুজ প্রণালির উত্তর দিকে ইরানের উপকূল এবং দক্ষিণ দিকে ওমান অবস্থিত। ট্রাম্প বলেছেন, ইরানের আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা উড়ানো উচিত।
আমেরিকায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে এই যুদ্ধ চরম অপ্রিয় হয়ে ওঠা সত্ত্বেও ট্রাম্প চুক্তি করার বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন। ওই নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন বিরোধী ডেমোক্র্যাটরা।
ট্রাম্প বলেন, তার প্রশাসন এবং ইরানের রেভোলিউশনারি গার্ডের কর্মকর্তাদের মধ্যে সরাসরি একটি গোপন যোগাযোগ মাধ্যম রয়েছে। তারা ভালো খেলোয়াড়, তবে তারা প্রায় ধ্বংসের পথে।
সূত্র: এএফপি
এমআর/টিএ