© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখের সিনেমার অনুপ্রেরণায় ‘মিশন ডিডিএলজে’

শেয়ার করুন:
শাহরুখের সিনেমার অনুপ্রেরণায় ‘মিশন ডিডিএলজে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
নব্বইয়ের দশকের প্রেমের গল্প ও রোমান্টিক আবহকে আধুনিক প্রজন্মের সামনে নতুনভাবে তুলে ধরতে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়া’স লাভ জার্নি)। আইস্ক্রিনের জন্য নির্মিত রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মে শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা থাকলেও এটি সরাসরি কোনো সিনেমার কপি নয় বলে জানিয়েছেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে আইস্ক্রিন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিশন ডিডিএলজে’ নিয়ে কথা বলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, আমরা যারা ১৯৮০ সালে জন্মেছি, নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি, তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই। সেদিক থেকে বলতে পারি, মিশন ডিডিএলজে’তে শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা পাবেন দর্শক। তবে সরাসরি আমরা কপি করিনি। বাকিটা দর্শক কনটেন্টটি দেখলে বুঝবেন। আর নামটা কেন ‘ডিডিএলজে’, সেটারও একটি হিডেন মিনিং আছে, সেটিও দর্শক দেখলে বুঝবেন।

নির্মাতার মতে, যে ধরনের প্রেমের গল্প দেখে একটি প্রজন্ম বেড়ে উঠেছে, বর্তমান সময়ে সেই স্বাদের গল্প খুব একটা দেখা যায় না। পুরোনো দিনের প্রেমের গল্পের আবহ নিয়ে নতুন কোনো কাজ সামনে এলে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

তিনি বলেন, আমরা যে লাভ স্টোরি দেখে বড় হয়েছি, এই সময়ে এসে সেই ধরনের গল্পগুলো আর পাই না। কিন্তু আগেকার গল্পগুলোর আবহ যখন কিছু কিছু কাজে ফিরে আসে, দর্শক সেগুলো খুব বেশি পছন্দ করেন। এই গল্পটা এই সময়ের কাপলদের নিয়ে। তবে তারা নিজেদের প্রেমকে আরও মজবুত করতে নব্বই দশকের লাভ স্টোরি থেকে অনুপ্রেরণা নেয়। আমার বিশ্বাস, এখনকার জেনারেশন এই গল্প পছন্দ করবে। পাশাপাশি এখনকার বাবা-মায়েরাও গল্পটি দেখে উপভোগ করবেন।




‘মিশন ডিডিএলজে’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। সংবাদ সম্মেলনে নিজেদের কাজের অভিজ্ঞতা ও গল্প নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা।

নাওভী বলেন, এই কনসেপ্টটা শুনে আমার কাছে মজার মনে হয়েছিল। গল্পটি দর্শকদের সঙ্গে কানেক্ট করবে বলে আমি কনফিডেন্ট।

লাবণ্য বলেন, এই গল্পে নব্বই দশকের লাভ স্টোরি আছে, যা এই প্রজন্মের দর্শকদের কাছে নতুন মনে হবে। তারা এই কাজটি দেখে এনজয় করবে।

ওয়েব ফিল্মটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানান, ‘মিশন ডিডিএলজে’তে একটি হলুদের গানও রয়েছে।


রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মে নাওভী ও লাবণ্য ছাড়াও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শাহানা আফরোজ স্বপ্না ও শারমিন সুলতানা শর্মী।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

কেএন/এসএন




মন্তব্য করুন