© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমি পেশাদার চোর নই’, চিরকুট লিখে চুরি করা সিলিন্ডার ফেরত

শেয়ার করুন:
‘আমি পেশাদার চোর নই’, চিরকুট লিখে চুরি করা সিলিন্ডার ফেরত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ এএম | ১৯ আগস্ট, ২০২৬
চুরি করার পর অনুতপ্ত হয়ে গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে গেছেন এক ব্যক্তি। সঙ্গে রেখে গেছেন একটি চিরকুট। তাতে লিখেছেন, আমি কোনো পেশাদার চোর নই। ভুল করে চুরি করে ফেলেছি। কাজটি করে আমি অনুতপ্ত। ভবিষ্যতে এমন হীন কর্মকাণ্ডে জড়াব না।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী এলাকায় ঘটেছে এমন ঘটনা। চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার ও চিরকুটটি চরফরাদী মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে চরফরাদী মাদ্রাসা মোড়ের কামাল মিয়ার চায়ের দোকানে চুরি হয়। ওই সময় দোকান থেকে একটি বড় গ্যাস সিলিন্ডারসহ কয়েকটি মালামাল নিয়ে যায় চোর।

পরে বিষয়টি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের কাছে জানান কামাল মিয়া। চুরির ঘটনাটি এলাকায় জানাজানি হলে শুরু হয় আলোচনা।সন্দেহের বশে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কথাবার্তাও চলতে থাকে। এর মধ্যে এক রাতে চরফরাদী মাদ্রাসায় একটি গ্যাস সিলিন্ডার ও হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়।

মাদ্রাসার এক শিক্ষক পরে বিষয়টি চা দোকানি কামাল মিয়াকে জানান। চিরকুটে চুরি করা মালামাল ফেরত দেওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে।চিরকুটে লেখা হয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনো পেশাদার চোর নই। কিন্তু ভুল করে চুরি করে ফেলছি। কাজটি করে আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন হীন কর্মকাণ্ডে জড়াব না, অঙ্গীকার করছি ।

চিরকুটে আরও লেখা হয়, এই চুরির বিষয় নিয়ে এলাকার শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বিভিন্ন লোককে দোষারোপ করে বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা দেখে জিনিসটি ফেরত দিলাম। দয়া করে জিনিসটি প্রকৃত মালিককে ফেরত দিবেন।

সিলিন্ডারটি মাদ্রাসায় রেখে যাওয়ার কারণও উল্লেখ করেছেন তিনি। চিরকুটে বলা হয়েছে, জিনিসটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অনেক ভেবে-চিন্তে দেখলাম, প্রকৃত মালিককে কোন কোন উপায়ে ফেরত দেওয়া যায়। অন্য কোনো উপায়ান্তর না দেখে মাদ্রাসায় রেখে গেলাম।

চিরকুটের শেষ দিকে লেখা হয়, জিনিসটি ঠাকুরবাড়ির চা দোকানদার কামালের। পাশাপাশি কাগজটি পাওয়ার পর ছিঁড়ে ফেলার অনুরোধ জানিয়ে লেখা হয়েছে, 'ক্ষমাপ্রার্থী।'

দোকানি কামাল মিয়া বলেন, চুরি হওয়ার পর তিনি বিষয়টি স্থানীয়ভাবে জানিয়েছিলেন। পরে মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার ও চিরকুট পাওয়ার খবর পান।সিলিন্ডারটি ফেরত পাওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চুরি অপরাধ হলেও চুরি করা জিনিস ফেরত দিয়ে ভুল স্বীকার করার ঘটনা ব্যতিক্রমী। তাদের আশা, ওই ব্যক্তি ভবিষ্যতে আর অপরাধে জড়াবেন না।

এমআর/টিএ  

মন্তব্য করুন