ভাঙ্গায় থানার সামনে যুবকের গুলি‘আমি গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে’
ছবি: সংগৃহীত
১১:৪০ এএম | ১৯ আগস্ট, ২০২৬
ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে এক যুবক কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয় ও পথচারীরা আতঙ্ক হয়ে ওঠেন। শুরু হয় ছোটাছুটি। এ সময় রাস্তায় পড়ে গিয়ে দুইজন আহত হন। সোমবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার ভাঙ্গা হাইওয়ে থানার সামনে থামে। এরপর প্রাইভেটকার থেকে চা খেতে নামে এক যুবক ও এক তরুণী। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয় কয়েকজন ওই যুবককে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইট করে দাঁড়ান; দুর্ঘটনা ঘটতে পারে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে যুবকের কথাকাটাকাটি হয়।
এক পর্যায় যুবক গাড়িতে গিয়ে পিস্তল বের করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর ওই যুবক ও তরুণী প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনার দিকে চলে যায়।
যাওয়ার সময় যুবক বলে, ‘আমি গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে।’ এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। তাকে আইনের আওতায় আনা হবে।
এফআর/এসএন