কলকাতা-লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক
ছবি: সংগৃহীত
০৫:০৩ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
কলকাতা ও লন্ডনে পৃথক ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু এবং পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে আহতদের দ্রুত সুচিকিৎসা এবং নিহতদের মরদেহ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মিয়া গোলাম পরওয়ারের শোকবাণী প্রকাশ করা হয়।
শোকবাণীতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রিয় দেশবাসীদের এ ধরনের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক।’
তিনি আরও বলেন, ‘অপর দিকে গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মহান রবের নিকট দোয়া করি তিনি যেন নিহতদের আত্মীয়স্বজনকে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করেন।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় যারা দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়ে তিনি বলেন, ‘যেন নিহতদের লাশ দ্রুত ও সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা করা হয় এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়।’