© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলিফ হত্যা মামলাতৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, চিন্ময়ের দুই আবেদন নামঞ্জুর

শেয়ার করুন:
তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, চিন্ময়ের দুই আবেদন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ২০ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন অ্যাডভোকেট ফরিদুল আলম। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দেন। এদিন মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের দুটি আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন।

তবে রাষ্ট্রপক্ষের আরেক সাক্ষীকে এদিন আদালতে হাজির করা হলেও সময়ের স্বল্পতার কারণে তাঁর সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তী তারিখে তাঁর সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে।

এদিন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তাঁর জামিনের আবেদন এবং রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে পৃথক দুটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত উভয় আবেদন নামঞ্জুর করেন।

শুনানির সময় চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অন্য আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় আদালতের বাইরে ইসকনপন্থী লোকজনের উপস্থিতি দেখা যায়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা এর আগে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তাঁর জেরা সম্পন্ন করার জন্য আসামিপক্ষ, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে, প্রায় ছয়বার সময়ের আবেদন করা হয়েছিল।

একইভাবে দ্বিতীয় সাক্ষীর জেরাও সম্পন্ন হয়নি। আজ তৃতীয় সাক্ষীকে জেরার জন্যও সময় চাওয়া হয়েছে।

তিনি বলেন, বারবার সময়ের আবেদন করে বিচারিক কার্যক্রম বিলম্বিত করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা এই অতীব গুরুত্বপূর্ণ মামলার বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত করছে। রাষ্ট্রপক্ষ দ্রুত ও নির্ধারিত সময়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করে মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে নিতে চায়।

এর আগে গত ২০ জুলাই মামলার দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত আদালতে সাক্ষ্য দেন। ওই দিন সাক্ষ্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দ্বিতীয় সাক্ষীর জেরা সম্পন্ন করার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার নথি ও পূর্ববর্তী আদালত-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুরের আদেশকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

পরবর্তীতে তদন্ত শেষে চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ওই অভিযোগপত্র গ্রহণ করেন।

চলতি বছরের ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে রয়েছে।

মামলায় ২৭ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং ১২ জন পলাতক রয়েছেন।

এসএন 

মন্তব্য করুন