© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দেননি, জানালেন রুমিন ফারহানা

শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দেননি, জানালেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ এএম | ২১ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন। এ নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। এ সময় তিনি তিনটি মূল কারণ তুলে ধরেন।

​রুমিন ফারহানা বলেন, আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে কোনো অনিশ্চয়তা না থাকলে সেটা প্রকৃত নির্বাচন হতে পারে না। এই ভোটের ফলাফল আগেই নির্ধারিত, তাই এটাকে নির্বাচন না বলে একধরনের মনোনয়ন বলা চলে।

দ্বিতীয় কারণ তুলে ধরে তিনি বলেন, একটি বড় গণ-অভ্যুত্থানের পর জাতির অনেক স্বপ্ন ও আত্মত্যাগ জড়িয়ে ছিল। আমরা কি সবাই মিলে একজন অরাজনৈতিক ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নিতে পারতাম না?


নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে তিনি জানান, ভোটের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। তার মতে, এমন পরিস্থিতিতে এই প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রহসন ছাড়া কিছু নয়।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, যেসব নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্দিষ্ট থাকে, সেখানে ভোট দেওয়ার কোনো গণতান্ত্রিক যৌক্তিকতা তিনি দেখেন না।

কেএন/এসএন

মন্তব্য করুন