বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত
১১:৫৩ এএম | ২১ আগস্ট, ২০২৬
বিএনপি ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের দুই বছরের সংস্কার রাজনীতির ‘পার্লামেন্টারিকরণ’-এর সমাপ্তি হিসেবে দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। একই সঙ্গে তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় পেছনে পড়ে রইল ৭০ অনুচ্ছেদ ও দেশের কাঠামোগত সংস্কার।
শুক্রবার (২১ আগস্ট) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন উমামা ফাতেমা।
পাঠকের জন্য তার ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এক ঢিলে দুই পাখি মারল। ফখরুল সাহেবের রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দুই বছরের সংস্কার রাজনীতির পার্লামেন্টিকরণ সমাপ্ত হয়েছে।
পেছনে পড়ে রইল ৭০ অনুচ্ছেদ ও দেশের কাঠামোগত সংস্কার। ৫ আগস্টের অভ্যুত্থানের পর 'সংস্কার না নির্বাচন?'-রাজনীতির গতিমুখ পূর্বনির্ধারিত ছিল। জামায়াত ও এনসিপি শুরু থেকেই এক সুরে কথা বলেছে। জামায়াত যখন বলেনি, ছাত্রদের দিয়ে বলিয়েছে, এই লুকোচুরি রাজনীতির গতিমুখ ছিল ক্ষমতা, ক্ষমতার মধ্য দিয়ে সংবিধানকে নিজেদের পছন্দমতো পরিবর্তন করা, এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে জামায়াত, এনসিপি এক নতুন যুগের সূচনা করত(যা অবশ্যই বাকি রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে নিশ্চিহ্ন করার মাধ্যমে, একটা মহা-ক্যাওয়াস জাতির সামনে অপেক্ষমান ছিল, আওয়ামী লীগ মাঝে দিয়ে এন্ট্রি নিলেও অবাক হতাম না), তবে বিএনপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা ২ বছরের অন্তর্বর্তী সরকার-জামায়াত-এনসিপির 'আমি-তুমি ভাই ভাই, চল একসাথে বিএনপি খেদাই'- রাজনীতিকে অফিশিয়ালি জানিয়ে দিল 'Not today'.
আমরা যারা সংস্কারের রাজনীতি করেছি মোটামুটি রাজনৈতিক বুদ্ধি হওয়ার পর থেকেই, তারা হয়তো বুঝতে পারবেন এই রাজনৈতিক বাতাবরণে দেশের কি অপূরণীয় ক্ষতি হয়েছে, এবং এমন ফোর্সদের হাতে সংস্কারের ন্যারেটিভ স্ট্যাবলিশ হয়েছে যারা সংস্কারকে কেবল ক্ষমতার হাতিয়ার করতে চায়। তাই দেখে যাওয়া ও মুচকি হাসা ছাড়া এ সময়ে কি করার আছে?
ফখরুল সাহেবের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সবার জন্য অনুকরণীয়। ফখরুল সাহেব শুধু তার দলকে না, দেশকে বিভিন্ন সময় খাদের কিনার থেকে টেনে এনেছেন। ২০১৫ সালে বিএনপির অবরোধ চলাকালীন ফখরুল সাহেবের প্রেস কনফারেন্সের অসহায়ত্ব আজও আমার চোখে ভাসে। বিবিধ কারণে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কেএন/টিএ