মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন
ছবি: সংগৃহীত
০৭:৩৪ পিএম | ২১ আগস্ট, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদল আনা হচ্ছে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হচ্ছে। নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে।
সরকারের একটি সূত্রে জানায়, জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রীর পদ থেকে বাদ পড়লেও মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা থাকছেন। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে গত ফেব্রুয়ারিতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিজয়ী হন জহির উদ্দিন স্বপন। তার বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর আসনটি বিএনপির দখলে ফিরে আসে।
জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক পথচলা শুরু ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর দলটির কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সহ-দফতর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরআই/টিএ