ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৫৯ পিএম | ২১ আগস্ট, ২০২৬
দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে পেটে গজ রেখে সেলাই দেওয়ার পর মারা যাওয়া তিন সন্তানের জননী কনিকা রানীর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে অসংখ্য ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের অনেকগুলো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা এক-দুই মাসে সমাধান করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এরই মধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। কয়েকজন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনরাও তৎপর রয়েছেন। প্রত্যেকটি জেলায়, অর্থাৎ সারা বাংলাদেশে ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যেসব ক্লিনিকে লেবার রুম নেই, ল্যাব লাইসেন্স নেই বা লাইসেন্স নবায়ন করা হয়নি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই কিংবা অব্যবস্থাপনা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য ৫০ শয্যার এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। তিনি বলেন, এসব সেন্টারের কার্যক্রম শুরুর লক্ষে ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এসব ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে।
এসএ/টিএ