রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত
০৯:৫৮ পিএম | ২১ আগস্ট, ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। এ উপলক্ষে বঙ্গভবনে তার আনুষ্ঠানিক অভিষেকের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছলে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে।
সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন। পরে তার গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর এক দিন আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
এমআর/টিএ