সৌদি আরবে বিজয়ী হাফেজদের স্বাগত জানাতে বিমানবন্দরে কর্মকর্তাদের পাঠালেন ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:৫৪ এএম | ২২ আগস্ট, ২০২৬
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী চারজন হাফেজ দেশে ফিরেছেন। তারা শুক্রবার বেলা ১১ টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পুরস্কার বিজয়ী হাফেজদেরকে অভ্যর্থনা জানাতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সৌদি বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে চারজন অংশগ্রহণ করে সকলেই পুরস্কৃত হয়েছেন। একজন প্রথম, বাকিরা তৃতীয় পুরস্কার পেয়েছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কুরআনের পাখিদের উর্বর ভূমি-এ অর্জন তারই স্মারক।
উল্লেখ্য, পুরস্কার বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রবল ইচ্ছা ছিলো ধর্মমন্ত্রী কায়কোবাদের। কিন্তু অসুস্থতার কারণে যেতে না পেরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে পাঠান তিনি। তবে খুব সহসাই তাদেরকে দপ্তরে আমন্ত্রণ জানাবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।
ধর্মমন্ত্রীর নির্দেশে বিমানবন্দরে পুরস্কার বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ আয়াতুল ইসলামের নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন ও মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ মাহবুব আলম উপস্থিত ছিলেন।
পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন নির্বাচিত কুরআনের হাফেজ অংশগ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন এই
প্রতিযোগীদেরকে বাছাই করে সৌদিতে পাঠানোর ব্যবস্থা করে।
প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া এবং একই গ্রুপে নারীদের মধ্যে তৃতীয় হয়েছেন রাবেতা বিনতে রমজান। মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবিতা বিনতে রমজান পেয়েছেন এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।
এছাড়া, প্রতিযোগিতার তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং মুসফিরা বিনতে মাহমুদ। তারা দুজনেই পুরস্কার হিসেবে পেয়েছেন এক লক্ষ ৩০ হাজার সৌদি রিয়াল।
সৌদি বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা এবং হাফেজ মাহমুদুল হাসান আশরাফী রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। অন্যদিকে, রাবেতা বিনতে রমজান রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।
বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচ গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
একেএস/টিএ