বান্দরবানে শাস্তিমূলক বদলি নয়, সৎ-যোগ্য কর্মকর্তা চান সারজিস
ছবি: সংগৃহীত
০৮:৩৯ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
বান্দরবান যেহেতু দেশের একটি পিছিয়ে পড়া জেলা, তাই এ জেলাকে এগিয়ে নিতে এখানে দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা প্রয়োজন। কোনো দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি হিসেবে বান্দরবানে না পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৩ আগষ্ট) সন্ধায় ছয়টায় বান্দরবান ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে সাংগঠনিক এক সমন্বয় সভায় এসব মন্তব্যে করেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘পাহাড়ে বসবাসকারী কোনো জাতিগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে। পাহাড়ের মানুষের সমস্যা ও সম্ভাবনা স্থানীয় জনগণের কাছ থেকেই জানতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি পাহাড়ের তরুণদের দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘পাহাড়ের বৈচিত্র্য বাংলাদেশের সম্পদ। বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে। কোনো মানুষ যেন জাতিগত পরিচয় বা অন্য কোনো কারণে বৈষম্যের শিকার না হন, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘পাহাড় ও সমতলে বিভিন্ন এলাকায় দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।’
তৃণমূল পর্যায় থেকে যোগ্য, সক্রিয় ও জনসম্পৃক্ত নেতাকর্মীদের নিয়ে এসব কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘সংগঠনকে শুধু শহরকেন্দ্রিক না রেখে উপজেলা ও স্থানীয় পর্যায়ে বিস্তৃত করা হবে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে তাদের সমস্যা ও প্রত্যাশা দলীয়ভাবে তুলে ধরার উদ্যোগ নেয়া হবে।
এ সময় আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলের পরিকল্পনার কথা জানান এনসিপির এই মুখ্য সংগঠক। তিনি বলেন, ‘উপজেলা, পৌরসভাসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনে এনসিপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার উদ্যোগ নেয়া হবে।’
সারজিস আলম বলেন, ‘স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আনার চেষ্টা করবে এনসিপি।’ দলের আদর্শ ও জনসম্পৃক্ততার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী বাছাই করা হবে বলেও জানান তিনি।
সারজিস আলম বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে শাস্তিস্বরূপ হিসেবে বান্দরবানে বদলি করা হয়। অথচ পাহাড়ে মানুষ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেখানে দুর্নীতিবাজদের বদলি হিসেবে পাহাড়ে পাঠানো হয় তাহলে সে কর্মকর্তা সেসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর জুলুম করবে। কেননা তার এই দুর্নীতি চরিত্র পাহাড়ে এসে সেই মানুষের উপর জীবন জাহারনাম করে ফেলবে।’
তাই এসবের ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সভায় জেলা এনসিপি আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলাম, জেলা সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআই/টিএ