মাদক পাচার মামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেতা রুহুল্লাহ মেহদি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১১:৫০ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
মাদক পাচার মামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড সিনেমা ‘দেবা’য় শাহিদ কাপুরের সঙ্গে কাজ করা অভিনেতা ও মডেল রুহুল্লাহ মেহদি। মহারাষ্ট্রের কাশিমিরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে তাকে। অভিনেতা মেহদি এবং তার সহযোগীকে ২৮ গ্রাম মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কাশিমিরা পুলিশ অভিনেতা মেহদিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। পুলিশ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, বলিউড অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে ‘দেবা’ সিনেমায় কাজ করা রুহুল্লাহ মেহদিকে মাদক পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কাশিমিরা পুলিশ কর্মকর্তারা গোপন সূত্রে খবর পান, মেহদি মাদক পাচারের জন্য দহিসার চেক নাকায় আসছেন।
এ খবর জানার পর কাশিমিরা পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র কাম্বলে একটি টিম নিয়ে নজরদারি ও তদন্ত শুরু করে। এ সময় অভিনেতা মেহদি ও তার সহযোগীকে ২৮ গ্রাম মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, অভিনেতা মেহদিকে আদালতে হাজির করে এবং পরে তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এখন পুলিশ এই মাদক মামলায় আরও কেউ সংশ্লিষ্ট কি-না, তা তদন্ত করছে। একইসঙ্গে অভিনেতা কার কার কাছে মাদক সরবরাহ করতে পারেন, তা জানার চেষ্টা করছে।
মেহদি মূলত জম্মু ও কাশ্মীরের বুডগাম জেলার বাসিন্দা এবং তিনি মুম্বাইয়ের গোরেগাঁওয়ে বসবাস করেন। রায় কাপুর ফিল্মসের ব্যানারে ‘দেবা’ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শাহিদ কাপু। এছাড়া ছিলেন পূজা হেগড়ে ও পাভেল গুলাটি এবং রুহুল্লাহ মেহদি। মেহদি এই সিনেমা ছাড়াও কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
একেএস/টিএ